মুর্শিদাবাদে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী
মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিনের পানীয় জলের সংকটকে কেন্দ্র করে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। অভিযোগ, বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে হাঁটতে হয়েছে তাঁদের।
জেলার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে এই বিক্ষোভের ঘটনা। স্থানীয়দের দাবি, এলাকায় বসানো পানীয় জলের পাইপলাইন দিয়ে নিয়মিত জল আসে না। কখনও জল আসে, কখনও আসে না—এই অনিয়মিত পরিষেবার জেরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
জল না পেয়ে অনেকেই বাধ্য হয়ে স্থানীয় পুকুর ও জলাশয়ের জল ব্যবহার করছেন। যদিও সেই জল পানযোগ্য নয়, তবুও পরিস্থিতির চাপে সেটাই ব্যবহার করতে হচ্ছে বলে অভিযোগ।
গ্রামবাসীদের বক্তব্য, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষোভে ফেটে পড়ে অমরপুর–লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পানীয় জলের পাশাপাশি নিকাশি ব্যবস্থার সমস্যাও তুলে ধরেন বাসিন্দারা। ড্রেন পরিষ্কার না হওয়ায় এলাকায় নোংরা জল জমে থাকার অভিযোগও ওঠে।
এ বিষয়ে জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, তাঁদের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হত। পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট পাইপলাইন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে, তারাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।