মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানো, মালদায় ধৃত ৩-উঠে এল 'বিহার যোগ'

Apr 6, 2026 - 06:43
 8
মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানো, মালদায় ধৃত ৩-উঠে এল 'বিহার যোগ'

মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্বাচনী সভাকে ঘিরে মালদার সামসীতে চাঞ্চল্যকর ঘটনা। তাঁর কপ্টারের সামনে আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে 'বিহার যোগ'-ধৃত তিনজনই বিহারের বাসিন্দা।

ঘটনাটি ঘটে শনিবার, সামসীতে মুখ্যমন্ত্রীর জনসভা শেষে। দুপুর নাগাদ সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে কপ্টারে উঠতে যান তিনি। সেই সময়ই কপ্টারের সামনে আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়, যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই দ্রুত তৎপর হয় পুলিশ। সভাস্থল থেকেই ড্রোনসহ তিন যুবককে আটক করা হয় এবং পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নূর আক্তার। তিনজনেরই বাড়ি বিহারের কাটিহার জেলায়। তারা কেন মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে ড্রোন ওড়াচ্ছিল এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা চলছে।