মালদায় মুফেক্কারুলকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ, এনআইএ হেফাজতের আবেদন নয়
মালদা: বহুল চর্চিত মামলায় অভিযুক্ত মোফেক্কারুল ইসলাম-কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল মালদা জেলা আদালত। উল্লেখযোগ্যভাবে, এদিন তাঁর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হেফাজতের আবেদন জানায়নি। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
আদালতে তোলা হলে মোেফেক্কারুল ইসলাম নিজের বক্তব্যে বলেন, "ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। এনআইএ বা সিবিআই-যে সংস্থাই তদন্ত করুক, আমি আইনের প্রতি পূর্ণ সহযোগিতা করব।”
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় তিনি সুজাপুর এলাকায় ছিলেন, অথচ মোথাবাড়ি ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর কথায়, "আমি আন্দোলন থামাতে সাহায্য করেছিলাম। পুলিশের সঙ্গে কথা হয়েছিল, অতিরিক্ত জেলাশাসকও ঘটনাস্থলে ছিলেন-সবই তাঁদের জানা।"
এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আগামী শুনানিতে মামলার পরবর্তী গতিপথ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।