মালদায় ট্রাইব্যুনালে অফলাইন আবেদন শুরু, প্রচারের অভাবে ফাঁকা কেন্দ্র-ভোটারদের ক্ষোভ

Apr 9, 2026 - 08:39
 5
মালদায় ট্রাইব্যুনালে অফলাইন  আবেদন শুরু, প্রচারের অভাবে ফাঁকা  কেন্দ্র-ভোটারদের ক্ষোভ

মালদা: একাধিক জেলায় ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন গ্রহণের কাজ শুরু হলেও এতদিন ব্যতিক্রম ছিল মালদা। অবশেষে আজ থেকে মালদা জেলাতেও অফলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রচারের অভাবে প্রথম দিনেই কার্যত ফাঁকা দেখা গেল ট্রাইব্যুনাল কেন্দ্র।

জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে অস্থায়ীভাবে ট্রাইব্যুনাল খোলা হয়েছে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে ১২টি টেবিলও তৈরি করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় মোট ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭জনের নাম বিচারাধীন ছিল। এর মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মূলত এই ডিলিটেড ভোটাররাই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

তবে ভোটারদের অভিযোগ, আবেদন প্রক্রিয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছে না বলে দাবি তাঁদের। কখনও বলা হচ্ছে কাজ হবে, আবার কখনও বলা হচ্ছে হবে না -এই অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের কথায়, বহু বছর ধরে নিয়মিত ভোট দেওয়ার পরেও হঠাৎ করে নাম বাদ পড়ে যাওয়ায় তাঁরা ক্ষুব্ধ। সব মিলিয়ে, ট্রাইব্যুনাল চালু হলেও প্রচারের অভাব ও প্রশাসনিক জটিলতায় সমস্যার মুখে পড়ছেন মালদার সাধারণ ভোটাররা।