মাইক হাতে প্রচার, সঙ্গে ডেঙ্গি সতর্কবার্তা-বসিরহাটে নজর কাড়লেন বিজেপি প্রার্থী

Apr 19, 2026 - 14:48
 14
মাইক হাতে প্রচার, সঙ্গে ডেঙ্গি সতর্কবার্তা-বসিরহাটে নজর কাড়লেন বিজেপি প্রার্থী

উত্তর ২৪ পরগনা: নির্বাচনী প্রচারের মাঝেই জনস্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিয়ে নজর কাড়লেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ।

মমিনপুর এলাকায় প্রচারে গিয়ে তিনি লক্ষ্য করেন, টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে।

দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা আরও প্রকট হয়েছে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতেই প্রার্থী মাইক হাতে শুধুমাত্র ভোেট প্রচারে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষকে ডেঙ্গি সম্পর্কে সতর্ক করেন।

তিনি এলাকাবাসীকে জমে থাকা জল দ্রুত সরানোর, বাড়ির আশপাশ পরিষ্কার রাখার এবং মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, সময়মতো নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং খাল সংস্কার করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

এদিন প্রার্থীর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও প্রচারে অংশ নেন এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন। প্রার্থীর এই উদ্যোগে এলাকার বহু বাসিন্দা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই মনে করছেন, ভোটের প্রচারের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।