ভোেট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে মুখ্য নির্বাচন আধিকারিক, কড়া নজরদারির বার্তা

Apr 21, 2026 - 12:39
 7
ভোেট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে মুখ্য নির্বাচন আধিকারিক, কড়া নজরদারির বার্তা

মালদা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে এলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বও অংশ নেন। উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারও।

বৈঠক শেষে কন্ট্রোল রুম পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং যাঁদের নাম ভোটার তালিকায় নেই বা যাঁদের কাছে রিটার্নিং অফিসারের বৈধ অনুমতি নেই, তাঁদের বুথে প্রবেশ করতে দেওয়া হবে না। কোথাও অশান্তি বা গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে পুনর্নির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

ওসি-দের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নন বলেও তিনি মন্তব্য করেন। পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার নিয়েও তিনি বলেন, তাঁরা নিজেরা এসে ভোট দিতে পারবেন, তবে তাঁদের হয়ে অন্য কেউ ভোট দিতে পারবে না। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় নাম যুক্ত বা বাদ দেওয়া হবে।

পোস্টাল ব্যালট প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রত্যেক সরকারি কর্মচারীর ভোটদান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি জেলায় কন্ট্রোল রুম চালু করা হচ্ছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। বুথের ভিতরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখবে এবং কোনও সমস্যা হলে দ্রুত রিপোর্ট করবে।

সবশেষে তিনি স্পষ্ট করে দেন, সিভিক ভলান্টিয়াররা নির্বাচন সংক্রান্ত কোনও ডিউটিতে থাকবে না। এবারের নির্বাচন অত্যন্ত কড়া ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্য নির্বাচন আধিকারিক।