ভোটের রঙে শাড়ি! দলীয় প্রতীক-স্লোগানে চাহিদা তুঙ্গে, ব্যস্ত শান্তিপুরের তাঁত শিল্পীরা
নদিয়া: ভোট মানেই নতুন নতুন প্রচারের কৌশল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্যের রাজনৈতিক আবহে শাড়িতেই ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান এমনকি নেতাদের ছবিও। আর সেই কাজেই নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প।
শান্তিপুরে এখন জোরকদমে চলছে শাড়ি বোনার কাজ। সামনে নির্বাচন, আর সেই নির্বাচনী প্রচারের জন্যই বিশেষভাবে তৈরি হচ্ছে এই শাড়িগুলি। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি-দুই পক্ষ থেকেই এসেছে বড় অর্ডার। শাড়ির উপর ফুটে উঠছে দলীয় প্রতীক, বিভিন্ন স্লোগান ও নেতাদের মুখচ্ছবি।
তাঁত শিল্পীদের দাবি, ভোেট এলেই এমন বরাত আসে। তবে এবারের অর্ডার আগের তুলনায় বেশি হওয়ায় বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন তাঁতিরা। নাওয়া-খাওয়া ভুলে এখন এই শাড়ি তৈরিতেই ব্যস্ত তাঁরা।
শুধু জেলাতেই নয়, জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও আসছে অর্ডার। ফলে শাড়ি তৈরি ও সরবরাহ নিয়ে মালিকদেরও ব্যস্ততা তুঙ্গে।
সারা বছর খুব একটা চাহিদা না থাকলেও ভোটের বাজারে এই বিশেষ শাড়ির চাহিদা নতুন করে চাঙ্গা করে তুলেছে শান্তিপুরের তাঁত শিল্পকে। বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিলেও মহিলাদের এই শাড়ি পরিয়ে অংশগ্রহণ করানো হচ্ছে, যা একদিকে যেমন প্রচারের হাতিয়ার, তেমনই শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দিকও খুলে দিচ্ছে।
সব মিলিয়ে, ভোটের আবহে 'রাজনৈতিক শাড়ি' এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার, এই অভিনব প্রচার কৌশল ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।