ভোটের আবহে বনগাঁয় ভোরবেলা ইডি হানা, তল্লাশি ব্যবসায়ী ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে
বিধানসভা নির্বাচনের আবহে শুক্রবার ভোরেই বনগাঁয় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মতিগঞ্জ এলাকার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী আয়ুব মণ্ডল এবং ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরিতোষ বিশ্বাসের আমলাপাড়া এলাকার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, আয়ুব মণ্ডল পেট্রাপোল বন্দরের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে পরিতোষ বিশ্বাসও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
পাশাপাশি বনগাঁর বাটামোড় এলাকায় তাঁর একটি পরিচিত হোটেল রয়েছে।
এর আগেও রেশন দুর্নীতি মামলায় বনগাঁর একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সূত্র ধরেই এবার ফের এই অভিযান বলে মনে করা হচ্ছে। হঠাৎ করে ভোরবেলা ইডির এই তল্লাশিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।