ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় বড় ছাঁটাই, কাকদ্বীপে ট্রাইব্যুনালে উপচে পড়া ভিড়

Apr 11, 2026 - 13:03
 30
ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় বড় ছাঁটাই, কাকদ্বীপে ট্রাইব্যুনালে উপচে পড়া ভিড়

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকা থেকে ব্যাপক নাম বাদ পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম বাতিল হয়েছে। ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভবাড়ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট বিচারাধীন ভোটার ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন। তার মধ্যে ৫ লক্ষ ১৮ হাজার ৬৬৮ জনের নামের নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জন, বাকিদের নাম বাদ পড়েছে।

বিশেষ করে সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা বিধানসভা এলাকায় আগেই ৪০ হাজারের বেশি নাম বাতিল হয়েছিল। নতুন তালিকা প্রকাশের পর সেই সংখ্যা আরও বাড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

নাম বাদ পড়ার খবর ছড়াতেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে ভোর থেকেই ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। প্রয়োজনীয় নথি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হাজির হচ্ছেন শতাধিক মানুষ। প্রতিদিনই একই চিত্র দেখা যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও প্রশাসন সূত্রে ইঙ্গিত, ট্রাইব্যুনালে আবেদন গ্রহণ করা হলেও অনেকেই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না।

এই পরিস্থিতিতে একদিকে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, অন্যদিকে ভোটারদের একাংশের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ আরও বাড়ছে।