ভোটের অধিকার কেড়ে নেওয়ার সাধ্য কারও নেই" পাথরপ্রতিমা থেকে গর্জে উঠলেন অভিষেক
সানওয়ার হোসেন, পাথরপ্রতিমা: ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাথরপ্রতিমা মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে সরব হয়ে অভিষেক অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “যাদের নাম তালিকায় নেই বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ রয়েছে, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূল প্রতিটি মানুষের পাশে থাকবে।” একইসঙ্গে প্রশ্ন তোলেন, “৬০ লক্ষ মানুষের ভাগ্য যদি ঝুলে থাকে, তবে দেশের প্রধানমন্ত্রীর ভাগ্য কেন ঝুলে থাকবে না?” কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, “দিল্লি টাকা আটকে রাখলেও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজস্ব তহবিল থেকে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে।” পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে অভিষেক বলেন, “ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চায়, আর আমরা উন্নয়ন ও মানুষের পেটের লড়াইয়ের রাজনীতি করি।” বিরোধীদের ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেন তিনি।এদিনের সভা থেকে তিনি জানান, বুধবার মেদিনীপুরের দাসপুর ও কেশিয়াড়িতে সভা করবেন এবং পরে নন্দীগ্রামে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দেন, “ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে।” সবশেষে তিনি পাথরপ্রতিমার মানুষকে আহ্বান জানান, ভোটের দিন কোনও প্ররোচনায় পা না দিয়ে তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার জন্য।