ব্যারাকপুরে বিজেপির চমক, প্রার্থী কৌস্তব বাগচী আশীর্বাদ নিয়ে নামলেন ময়দানে
বঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ব্যারাকপুর সংগঠনিক জেলার ব্যারাকপুর, নোয়াপাড়া, বিজপুর ও জগতদলের মতো একাধিক হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তব বাগচীকে।
প্রার্থী ঘোষণার পরেই তিনি তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ নেন। প্রচারের শুরুতেই এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
কৌস্তব বাগচী জানান, ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী হওয়া তাঁর কাছে বড় দায়িত্ব। দলের নেতৃত্ব তাঁর উপর যে আস্থা রেখেছে, তা পূরণ করতে তিনি সর্বশক্তি দিয়ে কাজ করবেন। পাশাপাশি নিচুতলা থেকে ওপরতলা—দলের সকল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন তিনি।
এলাকার উন্নয়ন, মানুষের সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান বিজেপি প্রার্থী।