বীরভূমের সিউড়ির রায়পুরে দোলের পরদিন ‘ধুলোয়’ উৎসব, জীবন্ত মানুষকে মরা সাজিয়ে গ্রাম পরিক্রমা
বীরভূম: দোল পূর্ণিমার পরদিন এক অভিনব ও প্রাচীন রীতি পালন করা হয় বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের রায়পুর গ্রামে। গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘ধুলোয়’। দীর্ঘদিন ধরেই এই গ্রামে এমন প্রথা চলে আসছে।
এই অনুষ্ঠান উপলক্ষে প্রথমে শ্মশান থেকে মৃতদেহ দাহ করার সময় ব্যবহৃত বাঁশ ও অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। তারপর সেই বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করা হয়। মাচার উপর একজন জীবন্ত মানুষকে শুইয়ে তাকে মৃতদেহের মতো সাজানো হয়।
এরপর ওই মাচা কাঁধে তুলে গোটা গ্রাম ঘোরানো হয়। এই সময় গ্রামবাসীরা আবির খেলায় মেতে ওঠেন এবং হৈ-হুল্লোড়ে অংশ নেন। পুরো অনুষ্ঠান ঘিরে গ্রামে উৎসবের আবহ তৈরি হয়।
তবে ঠিক কী কারণে এই রীতি শুরু হয়েছিল, তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গ্রামের প্রবীণদের মতে, বহু প্রজন্ম ধরে এই প্রথা চলে আসছে। গ্রামবাসীদের দাবি, গ্রামের কালী ঠাকুর ও মা মনসার আশীর্বাদ কামনা করেই তাঁদের পূর্বপুরুষরা এই রীতি চালু করেছিলেন।