বীরভূমের সিউড়িতে সিপিএমের মিছিল, নির্বাচন কমিশনকে কটাক্ষ মহম্মদ সেলিমের
বীরভূম জেলার সিউড়ি শহরে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে একাধিক দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।
মহম্মদ সেলিম অভিযোগ করেন, নির্বাচন কমিশন যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে না পারে, তাহলে তারা কতটা স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। তিনি কটাক্ষ করে বলেন, রাজ্য নির্বাচন কমিশন যেমন রাজ্যের সরকারের দলদাসের মতো কাজ করে, তেমনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনও কেন্দ্রের সরকারের দলদাস হয়ে কাজ করছে।
এই মিছিলে মহম্মদ সেলিমের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় নেতা রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিল থেকে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি, পুরোহিত ভাতা ও মুয়াজ্জেম ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেন সিপিএম নেতৃত্ব।
অন্যদিকে, মহম্মদ সেলিমের নেতৃত্বে হওয়া এই মিছিলকে কটাক্ষ করেছেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তাঁর বক্তব্য, এই ধরনের আন্দোলনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।