বীরভূম জেলায় নলহাটিতে অবৈধ চোলাই মদ-সহ গ্রেপ্তার ২ মহিলা, রামপুরহাট মহকুমা আদালতে পেশ

Feb 25, 2026 - 09:33
 2
বীরভূম জেলায় নলহাটিতে অবৈধ চোলাই মদ-সহ গ্রেপ্তার ২ মহিলা, রামপুরহাট মহকুমা আদালতে পেশ

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার পুলিশ নলহাটি–বানিওর রাস্তায় অভিযান চালিয়ে ২০ লিটার অবৈধ চোলাই মদ-সহ দুই মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালত-এ পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি–বানিওর রাস্তায় নজরদারি চালানো হয়। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দুই মহিলা দুটি জার ভর্তি তরল পদার্থ নিয়ে আসছিলেন। সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। জার দু’টি থেকে উদ্ধার হয় চোলাই মদ।

ধৃতদের নাম আরতি কোরাই ও ডলমনি কোরাই। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার রদিপুর থানা এলাকার কাজেরকরা গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে মদ এনে নলহাটি এলাকায় বিক্রির উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল। পাচারের আগেই হাতেনাতে ধরা পড়েন তাঁরা।

দুই অভিযুক্তের বিরুদ্ধে আবগারি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে স্থানীয় কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।