বিচারাধীন অবস্থায় হাজার ভোটার, জেলা শাসকের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ
পশ্চিম মেদিনীপুর:
ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্যায়ে বহু ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় থাকায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। নাম থাকবে নাকি বাদ পড়বে-এই দ্বিধায় পড়ে সোমবার দুপুরে জেলা শাসকের দ্বারস্থ হন একাধিক ভোটার।
জানা গিয়েছে, গোটা জেলায় প্রায় এক হাজার ভোটারের নাম এখনও বিচারাধীন রয়েছে। এর মধ্যে মেদিনীপুর শহরেই প্রায় ২০০ জন ভোটার এই সমস্যায় ভুগছেন। বিশেষ করে শহরের ৯ ও ১২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ভোটারের নাম এখনও চূড়ান্ত হয়নি। অথচ একই পরিবারের অন্য সদস্যদের নাম বৈধভাবে ভোটার তালিকায় রয়েছে।
বিচারাধীন ভোটারদের দাবি, তাদের নাম হয় দ্রুত তালিকাভুক্ত করা হোক, নয়তো সরাসরি বাদ দেওয়া হোক। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের। অনেকেই জানিয়েছেন, তারা ২০০২ সাল থেকেই ভোট দিয়ে আসছেন, ভোটার তালিকায় নামও ছিল। কিন্তু এবার হঠাৎ করেই তাদের নাম বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে।
এই প্রসঙ্গে প্রাক্তন মহকুমা শাসক মধুমিতা মুখার্জির বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ ভোটাররা। পাশাপাশি অভিযোগ, তারা ট্রাইব্যুনালেও যেতে পারছেন না, ফলে সমস্যার কোনও সমাধান হচ্ছে না।
জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৫২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রায় এক হাজার নাম এখনও বিচারাধীন রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এদিন জেলা শাসকের দপ্তরে যাওয়া ভোটারদের নির্বাচন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়। তবে সেখান থেকেও স্পষ্ট কোনও নির্দেশনা মেলেনি বলে অভিযোগ। ভোটারদের কথায়, "নির্বাচন আধিকারিকও আমাদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।"
এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে চরম উদ্বেগে রয়েছেন ওইসব ভোটাররা।