বসিরহাটে ডাস্টবিনে ভুলে ফেলা সোনার গয়না ফিরিয়ে দিলেন পৌর কর্মী, সততার নজির ‘নির্মল বন্ধু’র

Mar 10, 2026 - 08:00
 9
বসিরহাটে ডাস্টবিনে ভুলে ফেলা সোনার গয়না ফিরিয়ে দিলেন পৌর কর্মী, সততার নজির ‘নির্মল বন্ধু’র

উত্তর ২৪ পরগনা: ভুল করে ডাস্টবিনে ফেলে দেওয়া কয়েক ভরি সোনার গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন পৌরসভার ‘নির্মল বন্ধু’ কর্মী। মানবিকতা ও সততার এই ঘটনার সাক্ষী থাকল বসিরহাট পৌর এলাকা।

ঘটনাটি বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দা তাপসী বিশ্বাস শনিবার সকালে বাড়ির নোংরা ফেলার সময় ভুল করে নোংরার সঙ্গে কয়েক ভরি সোনার গয়নাও ডাস্টবিনে ফেলে দেন। সেই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী দাউদ শেখ বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে যান।

পরে ওই ময়লা বসিরহাটের ময়লাখোলায় অবস্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে গিয়ে ডাস্টবিন খোলার সময় প্রায় তিন ভরি সোনার অলংকার দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে দাউদ শেখ খোঁজখবর শুরু করেন। কোন এলাকা থেকে ময়লা সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখে তিনি ওই গৃহবধূর পরিচয় জানার চেষ্টা করেন।

রবিবার সকালে দাউদ শেখ তাপসী বিশ্বাসের বাড়িতে খবর দেন এবং তাঁকে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে আসতে বলেন। সেখানে গিয়ে পরিচয় যাচাই করার পর গয়নাগুলি শনাক্ত করেন তাপসী বিশ্বাস। এরপর পৌরসভার কর্তৃপক্ষের উপস্থিতিতে দাউদ শেখ সেই সোনার গয়না তাঁর হাতে তুলে দেন।

নিজের হারানো গয়না ফিরে পেয়ে আবেগাপ্লুত তাপসী বিশ্বাস বলেন, “ভুল করে ডাস্টবিনে সোনার গয়না ফেলে দিয়েছিলাম। মনে হয়েছিল আর হয়তো কোনওদিন পাব না। কিন্তু এই প্রজন্মেও যে এতটা সততার মানুষ আছেন, তা দেখে সত্যিই ভালো লাগছে।”

পৌর কর্মী দাউদ শেখের এই সততার ঘটনায় এলাকাজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সমাজে এখনও মানবিকতা ও সততার এমন উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।