বসিরহাট মহকুমায় বাণিজ্যিক গ্যাস সংকট: অটো চলাচল থমকে, হাজার হাজার পরিবারে ভোগান্তি

Mar 11, 2026 - 19:52
 8
বসিরহাট মহকুমায় বাণিজ্যিক গ্যাস সংকট: অটো চলাচল থমকে, হাজার হাজার পরিবারে ভোগান্তি

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক রুটে প্রায় তিন হাজার অটো রয়েছে, যাদের নির্ভরতা সরাসরি বাণিজ্যিক গ্যাসের উপর। সম্প্রতি ইজরায়েল-ইরান সংঘাতের প্রভাব এবং বাজারে কালোবাজারির কারণে গ্যাসের দাম দ্বিগুণ বেড়ে হয়েছে। কেজিপ্রতি আগের ৭২ টাকার পরিবর্তে এখন গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৩০ টাকা।

অটো চালকরা জানান, যাত্রী ভাড়া আগের মতোই থাকায়, গ্যাসের সাপ্লাই কমে যাওয়ার ফলে গত ৪৮ ঘণ্টায় প্রায় ২০০০ থেকে আড়াই হাজার অটো রাস্তায় নামেনি। কালোবাজারির সুযোগে কিছু মধ্যস্থতাকারী বাড়িতে গ্যাস মজুদ করে তা তিনগুণ দামে বিক্রি করছেন।

চালকদের মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি গ্যাসের যোগান আগের মতো না হয়, তবে অটো পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে শুধু যাত্রীরা সমস্যায় পড়বেন না, বরং অটো চালক এবং তাদের পরিবারের জীবনযাত্রার উপরও সরাসরি প্রভাব পড়বে।

বাণিজ্যিক গ্যাস অফিসের কর্মচারী বিনয় সরকার জানান, “কারখানায় গ্যাস লোড হচ্ছে না, যোগান কমে গেছে এবং সমস্যা ক্রমশ বাড়ছে। কখন সাপ্লাই স্বাভাবিক হবে, তা এখন কেউ বলতে পারছে না।”

অটো চালক এবং প্যাসেঞ্জারের মধ্যে এই পরিস্থিতি ইতিমধ্যেই গন্ডগোলের সৃষ্টি করেছে। চলাচলের এই অচলাবস্থার কারণে প্রায় ১০ হাজার মানুষের জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হচ্ছে।