বনগাঁ দক্ষিণে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য, অধিকাংশ নাম বাদে উৎকণ্ঠায় মতুয়া পরিবার

Mar 30, 2026 - 08:04
 13
বনগাঁ দক্ষিণে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য, অধিকাংশ নাম বাদে উৎকণ্ঠায় মতুয়া পরিবার

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট ১৮৬ জনের নাম 'বিচারাধীন' তালিকায় ছিল। সাম্প্রতিক তালিকা প্রকাশের পর দেখা যায়, ১৮৪ জনের নামের নিষ্পত্তি হলেও এখনও দুই জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, যাদের নামের নিষ্পত্তি হয়েছে সেই ১৮৪ জনের মধ্যে ১৮৩ জনের ভোটই বাদ পড়েছে। অভিযোগ, এই বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, এভাবে ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তাঁদের ও তাঁদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে? অনেকেই দাবি করেছেন, তাঁদের কাছে ১৯৮৪ সালের বর্ডার স্লিপ এবং ১৯৮৮ সালের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।