বকেয়া ডিএ পেতে ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথমঞ্চ, দায়ের আদালত অবমাননার মামলা
বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) আদায়ের দাবিতে ফের দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। এ বার তারা সুপ্রিম কোর্ট-এ আদালত অবমাননার মামলা দায়ের করেছে।
সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। পূর্বে এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ জারি হলেও তা কার্যকর হয়নি বলেই অভিযোগ। সেই কারণে মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে আইনি নোটিস পাঠিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। কিন্তু সেই নোটিসে কোনও সদর্থক পদক্ষেপ না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে সংগঠন।
সংগ্রামী যৌথমঞ্চের বক্তব্য, আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া ডিএ প্রদান করেনি, ফলে সরকারি কর্মচারীরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। আদালতের নির্দেশ কার্যকর করা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। মামলার পরবর্তী শুনানি এবং আদালতের অবস্থানের দিকেই এখন তাকিয়ে সরকারি কর্মচারী মহল।