পূর্ব মেদনীপুর পাঁশকুড়ায় চোর সন্দেহে গণপিটুনি, আহত দুই যুবক—গ্রেফতার ৫
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: চোর সন্দেহে দুই অজ্ঞাতপরিচয় যুবককে গণপিটুনির ঘটনায় উত্তপ্ত হল ঘোষপুর বাজার সংলগ্ন এলাকা। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৮টা নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত ঘোষপুর বাজারের কাছে একটি পাড়ায় বাইকে করে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘক্ষণ একই এলাকায় ঘোরাফেরা করায় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে স্পষ্ট কোনও উত্তর না পাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে ওই দুই যুবক বাইক ফেলে পাশের জঙ্গলে লুকিয়ে পড়েন। এলাকাবাসী তাড়া করলে তাঁরা আবার ঘোষপুর বাজারের মূল সড়কে উঠে আসেন। সেখানেই তাঁদের ঘিরে ধরে মারধর শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানা পুলিশ। গুরুতর জখম অবস্থায় দুই যুবককে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
এই ঘটনার জেরে পাশের গ্রামের একই পরিবারের দুই সদস্য-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী, পাশাপাশি টহল দিচ্ছে র্যাফ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের বাড়ি পাঁশকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। তবে প্রশ্ন উঠছে, গ্রামবাসীরা পরিচয় জানতে চাইলে তাঁরা কেন বাইক ফেলে পালানোর চেষ্টা করলেন?
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রাতের অন্ধকারে চোরের উপদ্রবের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই গ্রামবাসীদের সন্দেহ দানা বাঁধে বলে মনে করা হচ্ছে। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।