পণের দাবিতে নির্যাতন, এক মাসের কন্যাকে ছুড়ে ফেলার অভিযোগ-নদিয়ায় চাঞ্চল্য
নদিয়া: পণের দাবিতে গৃহবধূর উপর নির্যাতন এবং এক মাসের কন্যা সন্তানকে ছুড়ে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের বাবলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দু'বছর আগে শান্তিপুর থানার নতুন পাড়ার বাসিন্দা সালমা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাহীন শেখের। বিয়ের পর থেকেই মোটরবাইক ও সোনার আংটির জন্য বারবার পণের দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। আর্থিক অক্ষমতার কারণে সেই দাবি পূরণ করতে না পারায় গৃহবধূকে নিয়মিত মারধর করা হতো বলে জানিয়েছে তাঁর পরিবার।
অভিযোগ, সম্প্রতি পরিস্থিতি চরমে পৌঁছায়। খবর পেয়ে সালমার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে গেলে তাদের সামনেই গৃহবধূর উপর নির্যাতন চালানো হয়। এমনকি এক মাসের কন্যা সন্তানকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
ঘটনার পর সালমার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে।
এই অমানবিক ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে