নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সিপিআইএমের সাংবাদিক বৈঠক, সরব মহম্মদ সেলিম
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন তুললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হয়েছে।
মহম্মদ সেলিম বলেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে কোনওভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায় না। তাঁর দাবি, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কেন “নির্বাচন কমিশন” থেকে “নির্যাতন কমিশন”-এ পরিণত হচ্ছে।
সেলিমের বক্তব্য, এই প্রক্রিয়ায় যেসব প্রশাসনিক আধিকারিক যুক্ত ছিলেন—বিএলও, এইআরও থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা—তাদের মধ্যেই সমস্যা ছিল বলে নির্বাচন কমিশন স্বীকার করেছে। তবে ওই আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
একইসঙ্গে সিপিআইএমের দাবি, রাজ্যে নির্বাচন একদফায় করা হোক, খুব বেশি হলে দুই দফায়। পাশাপাশি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
মহম্মদ সেলিম স্পষ্টভাবে বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে, কোনও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নেওয়া হবে না।