নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক: আদালতগুলিতে বোমাতঙ্কের মেল ভুয়ো, আতঙ্কের কারণ নেই

Feb 25, 2026 - 09:37
 8
নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক: আদালতগুলিতে বোমাতঙ্কের মেল ভুয়ো, আতঙ্কের কারণ নেই

রাজ্যের একাধিক আদালতে বোমা রাখা হয়েছে—এই মর্মে ভুয়ো ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়ানোর পর নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করল রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানান।

মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, আসানসোল ও দুর্গাপুর-সহ বিভিন্ন আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তল্লাশি চালানো হয় এবং সর্বোচ্চ স্তরে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তিনি আশ্বাস দেন, সাধারণ মানুষ যাতে কোনওভাবে আতঙ্কিত না হন, তা নিশ্চিত করা হচ্ছে।

ডিজি জানান, রাজ্য পুলিশ সর্বদা প্রস্তুত এবং সতর্ক রয়েছে। সব জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ই-মেলটি ভুয়ো। আতঙ্কের কোনও কারণ নেই। তিনি জানান, একই ধরনের প্যাটার্নে বিভিন্ন জায়গায় এই মেল পাঠানো হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার অপরাধ দমন শাখা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

এছাড়া ডিস্ট্রিক্ট জজদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। মুখ্যসচিব জানান, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের ঘটনা বেড়েছে এবং এই ঘটনাতেও সাইবার দফতর সক্রিয়ভাবে তদন্ত করছে।

রাজ্য সরকারের তরফে পুনরায় জানানো হয়েছে, গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।