নবদ্বীপে ফের মর্মান্তিক ঘটনা: ভাগীরথী নদীতে তলিয়ে নিখোঁজ ইসকন ভক্ত

Feb 25, 2026 - 14:46
 22
নবদ্বীপে ফের মর্মান্তিক ঘটনা: ভাগীরথী নদীতে তলিয়ে নিখোঁজ ইসকন ভক্ত

নদিয়া: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নবদ্বীপে ভাগীরথী নদীতে ফের তলিয়ে গেলেন এক ইসকন ভক্ত। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব (২৪)। বাড়ি দিল্লির ফরিদাবাদে।

মঙ্গলবার দুপুরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে এক বন্ধুর সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় আচমকাই সকলের অলক্ষ্যে নদীর জলে তলিয়ে যান শিবম। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ইসকন-এর কর্তৃপক্ষও।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টার মধ্যেই এটি দ্বিতীয় ঘটনা। সোমবার একইভাবে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান বিজয় জেঠি নামে আর এক ইসকন ভক্ত। তাঁর দেহও এখনও উদ্ধার করা যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ঘাটে স্নান করা ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলেই অভিযোগ। যেখানে সেখানে নদীতে নামার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তল্লাশি কার্য এখনও জারি রয়েছে।