নদিয়ার নবদ্বীপে ছেলে ধরার সন্দেহে মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে ধরে আটকে রেখে নবদ্বীপ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাতে কাপড় বা জামা বাঁধা একটি বস্তা নিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল ওই মহিলা। স্থানীয়রা তাকে লক্ষ্য করে এবং তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার পিছু নেয়। পরে তাকে আটক করার চেষ্টা করা হয় এবং অবশেষে পুলিশের কাছে খবর দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, মহিলাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম অসংগতিপূর্ণ কথা বলছিলেন। এই আচরণে এলাকাবাসীর সন্দেহ আরও বাড়ে। আইন নিজের হাতে না নিয়ে সাধারণ মানুষ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে মহিলাকে পুলিশে হস্তান্তর করেন।
বর্তমানে মহিলাকে নবদ্বীপ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে।