ধূপগুড়িতে চায়ের আড্ডায় সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থীকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
জলপাইগুড়ি: ধূপগুড়িতে চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার রাত প্রায় নয়টা নাগাদ কোচবিহার যাওয়ার পথে ধূপগুড়ি শহরের মায়ের স্থান মোড়ে থামেন তিনি।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে কটাক্ষ করে তিনি বলেন, "লোকসভা ভোটে আমাদের কাছে ইতিমধ্যেই হেরেছেন। উপনির্বাচনে নানা ছলচাতুরি করে জিতেছিলেন, না হলে জিততে পারতেন না। এবার বড় ব্যবধানে হারবেন।"
এরপর রাস্তার ধারের একটি চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি চা পান করতেও দেখা যায় তাঁকে। এই সময় রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়েও সরব হন তিনি।
এদিন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়কে নিয়ে তাঁর প্রচার কর্মসূচি থাকার কথা ছিল। তবে অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি মন্ত্রী। পরে প্রার্থী নিজেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচার চালান।
প্রায় তিন ঘণ্টা দেরিতে ধূপগুড়িতে পৌঁছন সুকান্ত মজুমদার। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।