দুর্গাপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা, স্লোগান যুদ্ধে মুখোমুখি বিজেপি-তৃণমূল

Apr 4, 2026 - 10:40
 15
দুর্গাপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা, স্লোগান যুদ্ধে মুখোমুখি বিজেপি-তৃণমূল

দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে দপ্তরের দিকে এগোচ্ছিলেন। তার আগেই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালো বরণ মণ্ডল তাঁদের মনোনয়ন জমা দেন।

এই সময় তৃণমূল কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে তা উত্তেজনায় পরিণত হয় এবং পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দে-কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

কিছুক্ষণ উত্তেজনা চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আগে মনোনয়ন জমা করতে দিন, তারপর এই 'জয় বাংলা' স্লোগানের জবাব দেওয়া হবে।"