তুষারপাতে বিপর্যস্ত সিকিম, সাদা চাদরে মোড়া সান্দাকফুতে মুগ্ধ পর্যটকরা
দার্জিলিং/সিকিম: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই পার্বত্য এলাকায় শুরু হয়েছে তুষারপাতের দাপট। একদিকে সিকিমে ভারী তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা, অন্যদিকে দার্জিলিংয়ের সান্দাকফু ঢেকে গিয়েছে বরফের সাদা চাদরে।
জানা গিয়েছে, বুধবার রাত থেকেই সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়। তুষারের পরিমাণ এতটাই বেড়েছে যে বহু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সিকিম প্রশাসনের পাশাপাশি ভারতীয় সেনা নামানো হয়েছে রাস্তা পরিষ্কারের কাজে।
পর্যটনের ভরা মরশুমে সিকিমে ভিড়ও বেড়েছে ব্যাপকভাবে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যেই বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্রুত বরফ সরানোর কাজ চলছে।
অন্যদিকে দার্জিলিংয়ের সান্দাকফুতে ব্যাপক তুষারপাতের ফলে রাস্তা, বাড়িঘর, গাড়ি-সবকিছুই ঢেকে গিয়েছে বরফে। এই মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উচ্ছ্বাস। বরফে খেলায় মেতে উঠেছেন অনেকেই।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালও পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা।