ট্রাইবুনালে যাওয়ার আগেই মর্মান্তিক মৃত্যু টোটো চালকের, বাসন্তীতে চাঞ্চল্য
বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া পঞ্চায়েতের তালদা এলাকায় বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের। মৃতের নাম পঞ্চা সরদার (৫২)। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার বাসিন্দা পঞ্চা সরদার পেশায় টোটো চালক ছিলেন। এদিন সকালে কয়েকজন যাত্রীকে নিয়ে ট্রাইবুনালে ফর্ম জমা দিতে মহকুমায় যাওয়ার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তবে যাত্রীদের তুলতে যাওয়ার আগেই তালদি সংলগ্ন এলাকায় একটি হাতি গাড়ি আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায়।
ধাক্কার জেরে গুরুতর জখম হন পঞ্চা সরদার। রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।