টিকিট বণ্টন ইস্যুতে উত্তপ্ত প্রদেশ কংগ্রেস কার্যালয়, বিধান ভবনে বিক্ষোভ
কলকাতা: প্রার্থী নির্বাচন ও টিকিট বণ্টন নিয়ে চরম উত্তেজনা ছড়াল প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় বিধান ভবনে। অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হন একাধিক কংগ্রেস কর্মী-সমর্থক।
বালিগঞ্জ বিধানসভার কংগ্রেস কর্মী ফিরোজ হোসেনের অভিযোগ, রোহন মিত্র-যিনি আগে বিজেপি ও পরে তৃণমূলে ছিলেন-সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টাকা নিয়ে রোহন মিত্রকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিকিট দেওয়ার অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিলে কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা এবং বিধান ভবনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে বিধান ভবনের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে চাপানউতোর চরমে উঠেছে।
অভিযোগের বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।