ঝাড়গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তায় দুর্নীতির অভিযোগ, পথ অবরোধ করে কাজ বন্ধ গ্রামবাসীদের
ঝাড়গ্রাম জেলায় সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজে গুণমান নিয়ে উঠল বড় প্রশ্ন। কয়েক কোটি টাকার রাস্তা নির্মাণকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে পথ অবরোধ করে নির্মাণকাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।
ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত ও চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি বৃন্দাবনপুর ক্যানেল পাড় থেকে চন্দ্রী পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্প-এর আওতায় নির্মাণ করা হচ্ছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই রাস্তার কাজের মান নিয়েই সরব হন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার নির্ধারিত চওড়া ও গভীরতা বজায় রাখা হচ্ছে না। পর্যাপ্ত বালি ব্যবহার করা হচ্ছে না বলেও দাবি তাঁদের। এত বড় অঙ্কের প্রকল্পে নিম্নমানের কাজ হওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা এসে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কাজ শুরু করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, ঠিকাদার সংস্থার তরফে দাবি করা হয়েছে, সমস্ত নিয়ম মেনেই কাজ চলছে এবং অভিযোগ ভিত্তিহীন।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। গ্রামবাসীদের দাবি, প্রকল্পের কাজের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।