জয়নগরে জনসভা থেকে বিজেপিকে তোেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জয়ের ব্যবধান বাড়ানোর ডাক
রফিকুল ঢালী, জয়নগর: জয়নগর ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস ও জয়দেব হালদারের সমর্থনে বুধবার জয়নগরে বিশাল জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। বক্তব্যে জয়নগরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, "জয়নগর বিধানসভা কেন্দ্রে অন্যতম বড় সাফল্য জয়নগরের মোয়া জিআই ট্যাগ পাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মোয়া হাব তৈরি হয়েছে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। নিমপীঠে দমকল পরিষেবা চালু হয়েছে, রাস্তায় হাইমাস্ট লাইট বসানো হয়েছে।" দক্ষিণ ২৪ পরগনাকে নিজের 'কর্মভূমি' বলে উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা আমার জন্মস্থান, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। আমি যেমন ডায়মন্ড হারবারকে আগলে রাখি, তেমনই ৩১টি বিধানসভাকেই আগলে রাখতে চাই। আপনারা নির্দেশ দিন, শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করব।" বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "বিজেপিকে গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। ২৯ তারিখে বহিরাগতদের উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ। বিজেপি চেয়েছে মানুষের চোখে জল আনতে, আমরা চাই মানুষের মুখে হাসি ফুটুক।" নারী সম্মান প্রসঙ্গেও বিজেপিকে কাঠগড়ায়
তুলে তিনি দাবি করেন, "ওদের নারীদের প্রতি সম্মান নেই। বাংলার মানুষ আগামী ৪ তারিখে জবাব দেবে। ১২ দিনের মধ্যেই বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।"
মূল্যবৃদ্ধি ইস্যুতেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "সার্বিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে। কেন্দ্রের সরকার শুধু লুটপাটে ব্যস্ত। তৃণমূল জিতলে এলাকার উন্নয়ন হবে, আর ওরা জিতলে সেই সম্পদ বাইরে নিয়ে যাবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, "আগামী দিনে 'দুয়ারে স্বাস্থ্য' পরিষেবা চালু করা হবে। যাদের বাড়ির প্রয়োজন, তাদের বাড়ি করে দেবে সরকার। জয়নগর ও মন্দিরবাজারে জয়ের ব্যবধান বাড়ান, আমি কাজের নিরিখে এক নম্বরে পৌঁছে দেব।"