জেলমুক্তির পরও স্বস্তি নেই! নাকতলায় পার্থর বাড়িতে ফের ইডি হানা, তলব এড়াতেই কি ‘ডোরস্টেপ’ জেরা?
কলকাতা: জেলমুক্তির পরও অস্বস্তি কাটছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী Partha Chatterjee-র। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ফের তাঁর নাকতলার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তিনটি গাড়িতে করে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
একইসঙ্গে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও তল্লাশি চালায় ইডি। অন্যদিকে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় Sujit Bose এবং Rathin Ghosh-কে। যদিও সুজিত বসু নিজে হাজিরা দেননি, তাঁর বদলে ইডি দফতরে যান তাঁর ছেলে সমুদ্র বসু।
তবে প্রশ্ন উঠছে— সব মামলা থেকে মুক্তির পরেও কেন আবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি?
সূত্রের খবর, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর একাধিকবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি বলেই দাবি তদন্তকারী সংস্থার।
ইডি সূত্রে জানা গিয়েছে, মুক্তির পরবর্তী আইনি প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই এবং নতুন তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল। কিন্তু বারংবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় শেষমেশ ‘ডোরস্টেপ’ জেরা করতেই তাঁর বাড়িতে পৌঁছন আধিকারিকরা।
পার্থর আইনজীবীও নাকি আগে থেকেই জানিয়েছিলেন, প্রয়োজনে ইডি তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই পথেই এগোল তদন্তকারী সংস্থা।
সব মিলিয়ে, জেলমুক্তির পরও যে তদন্তের জাল আলগা হয়নি, তা আরও একবার স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে ঘিরে ফের চড়তে পারে রাজ্যের রাজনৈতিক পারদ।