জলের দাবিতে দুর্গাপুরে রাজ্য সড়ক অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত সগড়ভাঙা এলাকা
দুর্গাপুর: জলের দাবিতে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের সগড়ভাঙা মাঝের মোড় এলাকা। পানীয় জলের সংকটের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হঠাৎই “জল নেই কেন?” এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন এলাকার বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এরপর তাঁরা সগড়ভাঙা মাঝের মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।
অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়তে হয় পুলিশকেও। ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, পরিস্থিতি শান্ত করতে এক স্থানীয় তৃণমূল নেতা ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। জল সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভোটের আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এক শ্রেণির আধিকারিক চক্রান্ত করছে বলে তাঁর অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।