ছেলেধরা সন্দেহে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবন

Feb 21, 2026 - 14:34
 26
ছেলেধরা সন্দেহে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবন

২০১৭ সালের বহুল আলোচিত গণহিংসার ঘটনায় দৃষ্টান্তমূলক রায় দিল চুঁচুড়া আদালত-এর ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। ছেলেধরা সন্দেহে মারধর ও আগুনে পুড়িয়ে খুনের চেষ্টার মামলায় ২৫ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে।

বিচারক পীযূষ কান্তি রায় দোষীদের মধ্যে গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। বাকি ২৩ জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়-এর আসানপুর গ্রামে এক মা, তাঁর মেয়ে এবং তাঁদের গাড়িচালককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। অভিযোগ, তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছিল। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের উপরও হামলা হয়। এক সিভিক ভলেন্টিয়ার তীরবিদ্ধ হন এবং অন্তত ১১ জন পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ।

এই মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য পেশ করেন সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। গতকাল আদালত ২৫ জনকে দোষী সাব্যস্ত করে এবং বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়।

মুখ্য সরকারি আইনজীবী শংকর গাঙ্গুলী বলেন, “একটি মামলায় একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা দৃষ্টান্তমূলক।” মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়।

এই রায় গণহিংসার বিরুদ্ধে কঠোর বার্তা বলেই মনে করছে আইন মহল।