কড়া নজরদারিতে নির্বাচন, হুঁশিয়ারি দিলেন আইজিপি—হুমকি বা বেআইনি কর্মকাণ্ডে কোনও ছাড় নয়

Mar 23, 2026 - 08:36
 23
কড়া নজরদারিতে নির্বাচন, হুঁশিয়ারি দিলেন আইজিপি—হুমকি বা বেআইনি কর্মকাণ্ডে কোনও ছাড় নয়

মধ্যমগ্রাম:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া অবস্থান নিতে চলেছে পুলিশ প্রশাসন। ভোট প্রচার থেকে শুরু করে ভোটগ্রহণ—প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানালেন আইজিপি অমিত পি জাভালগি। মধ্যমগ্রাম থানায় এসে তিনি স্পষ্ট করে দেন, কোনওরকম হুমকি, হুশিয়ারি বা বেআইনি কার্যকলাপে এবার কোনও ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, নির্বাচন নতুন কিছু নয়, তবে এবারের বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিশেষভাবে ছয়টি বিষয়ের উপর নজরদারি চালানো হবে। এর মধ্যে রয়েছে বুথ জ্যামিং, ছাপ্পা ভোট, যেকোনও ধরনের হিংসা, ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো এবং বহিরাগতদের আনাগোনা নিয়ন্ত্রণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি থানাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। বিভিন্ন সন্দেহজনক এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে, চালানো হবে নাকা চেকিং। পাশাপাশি স্থানীয় হোটেল, কমিউনিটি হল ও বিয়েবাড়িতে বাইরের লোকজনের উপস্থিতির উপরেও কড়া নজর রাখা হবে।

এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে, থানার অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক দল সভা বা র‍্যালি করতে পারবে না। আদালতের নির্দেশ অনুযায়ী বাইক র‍্যালির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ভোটের দিন বুথের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত সহ্য করা হবে না বলেও জানানো হয়েছে।

আইজিপি স্পষ্ট বার্তা দিয়েছেন, হাতে রয়েছে মাত্র একমাস দশদিন। এই সময়ের মধ্যে নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন।