কলকাতায় ফের বৃষ্টি কবে? দক্ষিণের ৪ জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে উত্তরবঙ্গও
বসন্তের শুরুতেই ফের আবহাওয়ার বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় বৃষ্টি হতে পারে। তার মধ্যে চার জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে আপাতত ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।
মঙ্গলবার কোথায় বৃষ্টি?
মঙ্গলবার শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় সপ্তাহের শুরুতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণের চার জেলায় হলুদ সতর্কতা
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এই সময় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে বলেই ইঙ্গিত মিলেছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু এলাকায় সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যদিও সেখানে আলাদা করে কোনও সতর্কতা জারি হয়নি।
তাপমাত্রার হালচাল
শীত বিদায় নিতেই চড়ছে পারদ। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩১.২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। ধীরে ধীরে
বাড়বে গরমের দাপট।