কলকাতা: বাগডোগরার উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারী, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা

Mar 10, 2026 - 07:19
Mar 10, 2026 - 07:20
 9
কলকাতা: বাগডোগরার উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারী, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা

সোমবার দুপুরের বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানোর ঘটনায় শুভেন্দু অধিকারীর মন্তব্য, “চোরদের অসভ্য বর্বর পার্টি।”

এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও তাঁর দলের কার্যকলাপে সবাই বিরক্ত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকেও তা স্পষ্ট বলে দাবি করেন তিনি।

ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, মুসলিম সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। তাঁর অভিযোগ, সাম্প্রদায়িক কার্ড খেলেই এতদিন জয় পেয়েছে শাসকদল।

ওয়েস্টিন হোটেলে রাজীব কুমারের যাওয়া প্রসঙ্গেও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, অত্যন্ত অনৈতিক কাজ করা হচ্ছে এবং এখনও সাংসদ না হওয়া সত্ত্বেও যেভাবে তাঁকে স্যালুট করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্য নির্বাচনী কমিশনারের রাজ্যে আগমন প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন।

পাশাপাশি তিনি বলেন, পয়লা বৈশাখের পর যে কোনও সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তাই মানুষকে জাগ্রত হওয়ার আহ্বানও জানান বিরোধী দলনেতা।