উত্তাল সমুদ্র, বইছে ঝোড়ো হাওয়া; পর্যটক ও মৎস্যজীবীদের জন্য বকখালিতে প্রশাসনের ‘রেড অ্যালার্ট’*
অমিত মণ্ডল, বকখালি: বসন্তের শেষেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। গত দুদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে লঞ্চ ও ভেসেল পরিষেবা। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং মৎস্যজীবীদের প্রাণহানি রুখতে বকখালি ও ফ্রেজারগঞ্জ উপকূলে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করল সুন্দরবন পুলিশ জেলা।
মঙ্গলবার সকাল থেকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালি সৈকতে লাগাতার মাইকিং শুরু করেছেন। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সমুদ্রে নেমে স্নান করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বকখালি বেড়াতে আসা পর্যটকদের উদ্দেশ্যে প্রশাসনের বার্তা, "আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যেন গভীর সমুদ্রে না যান।"
পর্যটকদের পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে লাল সতর্কতা। এদিন ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে এফআইবি বোট নিয়ে মৎস্যজীবীদের ট্রলারগুলোতে পৌঁছে যান কোস্টাল থানার আধিকারিকরা। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে, তাই কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
অনেক জায়গায় নিরাপত্তার খাতিরে পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় এই নজরদারি ও মাইকিং জারি থাকবে।