উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শিক্ষা ভবনের সামনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অবস্থান-বিক্ষোভ

Mar 14, 2026 - 09:14
 15
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শিক্ষা ভবনের সামনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অবস্থান-বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শিক্ষা ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা-সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে শুক্রবার এই কর্মসূচি গ্রহণ করা হয়।

শিক্ষক সংগঠনের দাবি, রাজ্য সরকার তাদের কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। সেই কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হন তারা।

হাইকোর্ট এই মামলায় কর্মচারীদের দাবিকে স্বীকৃতি দিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ পরিশোধ করার নির্দেশ দেয় বলে জানান আন্দোলনকারীরা। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে।

এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমর্থনে এদিন শিক্ষক-কর্মচারীরা যৌথভাবে ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেন। বকেয়া মহার্ঘভাতা দ্রুত পরিশোধের দাবিতে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।