উত্তর ২৪ পরগনার বসিরহাটে এলপিজি সংকটে মিড ডে মিলের রান্না কাঠের জ্বালানিতে

Mar 13, 2026 - 09:10
 10
উত্তর ২৪ পরগনার বসিরহাটে এলপিজি সংকটে মিড ডে মিলের রান্না কাঠের জ্বালানিতে

উত্তর ২৪ পরগনার বসিরহাট: এলপিজি গ্যাসের সংকটের প্রভাব এবার পড়ল স্কুলের মিড ডে মিলের রান্নাতেও। পর্যাপ্ত গ্যাস না মেলায় বাধ্য হয়ে কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে মিড ডে মিল কর্মীদের। বসিরহাট মহকুমার সীমান্তবর্তী সুন্দরবন এলাকার একাধিক স্কুলে এমনই ছবি ধরা পড়েছে।

বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, হাসপাতাল ও মিড ডে মিলের রান্নায় যাতে এলপিজির কোনও সংকট না হয় তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বসিরহাট মহকুমার একটি স্কুলে উল্টো ছবি সামনে এসেছে।

বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজারেরও বেশি পড়ুয়া রয়েছে। সেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন মিড ডে মিলের রান্না হয়। কিন্তু গ্যাসের অভাবে বৃহস্পতিবার সকাল থেকে কাঠের জ্বালানিতে রান্না করতে দেখা যায় মিড ডে মিল কর্মীদের। আগুনের তাপ ও ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েই শিশুদের খাবার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। অন্যদিকে কাঠের জ্বালানির দামও প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন কর্মীরা।

স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার জানান, সরকার যেখানে মিড ডে মিল চালু রাখার কথা বলছে, সেখানে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে। তবে ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

মিড ডে মিল কর্মী পাপড়ি দে বলেন, সাধারণত গ্যাসে রান্না হয় বলেই স্কুলে কাঠ মজুত রাখা হয় না। কিন্তু বাচ্চাদের খাওয়াতে হবে, তাই বাধ্য হয়ে কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে। তিনি আরও জানান, যদি গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে ভবিষ্যতে মিড ডে মিল চালানো কঠিন হয়ে পড়তে পারে।

স্কুল কর্তৃপক্ষ ও কর্মীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হোক, যাতে আগের মতোই নির্বিঘ্নে মিড ডে মিলের রান্না চালানো যায় এবং ছাত্রছাত্রীরা এই পরিষেবা থেকে বঞ্চিত না হয়।