উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে আদ্যাপীঠ মন্দিরের সামনে দোকান পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল

Mar 13, 2026 - 09:16
 10
উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে আদ্যাপীঠ মন্দিরের সামনে দোকান পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ: দীর্ঘ বছর ধরে আড়িয়াদহ আদ্যাপীঠ মন্দিরের বাইরে রাস্তার ধারে বহু অস্থায়ী দোকান ছিল। সম্প্রতি কামারহাটি পৌরসভার উদ্যোগে সংস্কারের কাজের জন্য সেই দোকানগুলি তুলে দেওয়া হয়েছে। এরপর থেকে পুনরায় দোকান বসানোর অনুমতি না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হলেন একাধিক দোকানদার।

দোকানদারদের অভিযোগ, এই বিষয়ে কামারহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু বোসের কাছে বারবার জানানো হলেও কোনও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। শুধু আশ্বাস মিললেও বাস্তবে তাঁদের জীবিকা কীভাবে আবার গড়ে উঠবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে “জবাব চাই, দোকান চাই” লেখা প্ল্যাকার্ড হাতে এদিন প্রতিবাদে শামিল হন এলাকার বহু দোকানদার। আড়িয়াদহ দোল পিরি মোড় থেকে আদ্যাপীঠ মন্দির পর্যন্ত মিছিল করে নিজেদের দাবি জানান তাঁরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে এই বিষয়ে স্থানীয় বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

পৌরসভার তরফে জানানো হয়েছে, রাস্তার বড় একটি অংশ জুড়ে দোকানগুলি গড়ে ওঠায় মন্দিরের সামনে প্রবল যানজটের সৃষ্টি হচ্ছিল। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আদ্যাপীঠ মন্দিরে আসেন, ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কারের কাজেও বাধা তৈরি হচ্ছিল বলে দাবি প্রশাসনের।

কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন, রাস্তার অংশ ব্যবহার করে এভাবে দোকান বসানো যাবে না। তবে ভবিষ্যতে দোকানদারদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে নিজেদের জীবিকা পুনরায় গড়ে তুলতে পারবেন কি না, সেই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন এলাকার দোকানদাররা।