উত্তর কাঁথিতে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী সুমিতা সিনহার, কর্মসংস্থান ইস্যুতেই জোর
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিতা সিনহা নাচিন্দা মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন। সকালে মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের মঙ্গল কামনা করেন তিনি। এরপর নাচিন্দা বাজারে ঘুরে ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচারের শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দিতে দেখা যায় তাঁকে।
এদিন তিনি এলাকায় ঘুরে তৃণমূলকে পরাস্ত করে বিজেপি সরকার গঠনের বার্তা দেন। পাশাপাশি তাঁর প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে নতুন প্রজন্মের কর্মসংস্থানের বিষয়টি। যুব সমাজের জন্য কাজের সুযোগ সৃষ্টি, এলাকার উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোটারদের কাছে সমর্থন চাইছেন।
সুমিতা সিনহা জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাঁর প্রধান লক্ষ্য। মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই হবে তাঁর অগ্রাধিকার বলেও তিনি জানান। নির্বাচনের আগে থেকেই মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেই জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী।