উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, বাংলা বলায় বাস থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ

Feb 27, 2026 - 08:05
 18
উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, বাংলা বলায় বাস থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ

উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের এক পরিযায়ী শ্রমিককে ঘিরে উদ্বেগ বাড়ছে। বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিখোঁজ শ্রমিক শেখ নুর ইসলাম (৩৬)-এর বাড়ি ধলহারা গ্রামে, যা শহীদ মাতঙ্গিনী ব্লক-এর অন্তর্গত এবং তমলুক থানার এলাকায় পড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শেখ নুর ইসলাম উড়িষ্যা রাজ্যে কাজে গিয়েছিলেন। তাঁর বাবা আমিরুলের অভিযোগ, হাওড়া জেলার এক ঠিকাদারের সঙ্গে কাজ করতে গিয়েছিলেন নুর ইসলাম। একটি কাজের সাইট থেকে অন্য সাইটে যাওয়ার সময় বাসে করে যাত্রা করছিলেন তিনি। সেই সময় কিছু দুষ্কৃতী বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই প্রায় সাত দিন ধরে তাঁর কোনও খোঁজ নেই।

নিখোঁজের পর পরিবার উড়িষ্যার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও সেখানকার প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি।

নুর ইসলামের পরিবারে রয়েছেন বাবা-মা ও চার ভাই। ঘটনায় পরিবার ও গোটা এলাকায় শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। প্রতিবেশী শেখ জসীমউদ্দীনও জানান, বাংলা ভাষায় কথা বলার জেরেই তাঁকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়েছিল বলে তাঁদের ধারণা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, দ্রুত নুর ইসলামের সন্ধান মিলুক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।