ঈদের দিন মর্মান্তিক পথদুর্ঘটনা, ১২ নম্বর জাতীয় সড়কে মৃত মা, আশঙ্কাজনক মেয়ে

Mar 22, 2026 - 20:29
 17
ঈদের দিন মর্মান্তিক পথদুর্ঘটনা, ১২ নম্বর জাতীয় সড়কে মৃত মা, আশঙ্কাজনক মেয়ে

সাগরদিঘী, মুর্শিদাবাদ: পবিত্র ঈদের দিনেই নেমে এল শোকের ছায়া। মুর্শিদাবাদের সাগরদিঘীতে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার, গুরুতর জখম তাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলজন এলাকা থেকে স্কুটি করে মা ও মেয়ে সাগরদিঘীর গাঙ্গাড্ডা এলাকায় আত্মীয়ের বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন। সেই সময় জনসি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে দ্রুত সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর জখম মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই আকস্মিক দুর্ঘটনায় ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। গাঙ্গাড্ডা ও মঙ্গলজন এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মতে, জাতীয় সড়কে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।