আর জি কর হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, চিকিৎসা করাতে এসে প্রৌঢ়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Mar 24, 2026 - 09:51
 11
আর জি কর হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, চিকিৎসা করাতে এসে প্রৌঢ়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের একবার কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠল। চিকিৎসা করাতে এসে এক প্রৌঢ়ের মৃত্যুকে ঘিরে অব্যবস্থার গুরুতর অভিযোগ তুলল মৃতের পরিবার।

পরিবারের দাবি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে বিশ্বজিৎ সামন্ত নামে ওই প্রৌঢ়কে হাসপাতালে আনা হয়। প্রথমে ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে সুলভ শৌচালয়ে যেতে বলা হয় বলে অভিযোগ।

পরিবারের আরও অভিযোগ, সেই সময় কোনও স্ট্রেচার বা হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে অসুস্থ অবস্থাতেই তাঁকে হেঁটে নিয়ে যেতে হয়। ট্রমা কেয়ার থেকে হাসপাতালের গেটের পাশের শৌচালয়ে যাওয়ার পথে আচমকাই তিনি অচৈতন্য হয়ে পড়েন।

পরবর্তীতে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় হাসপাতালের অব্যবস্থার দিকেই আঙুল তুলেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, যথাযথ পরিষেবা পেলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।

ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।