অসিত মজুমদারকে পাশে নিয়েই প্রচারে দেবাংশু, নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে শুরু
চুঁচুড়া: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে নিজের জয়ের প্রার্থনা করে নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দেন তিনি।
পুজো দিয়ে প্রচার শুরু করার পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য জানান, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, “অসিতদা আমার পিতৃতুল্য। উনার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে এবং উনি নিজেই আমাকে জেতানোর দায়িত্ব নিয়েছেন।”
এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা অনেকটাই থামল বলে মনে করা হচ্ছে। প্রার্থী ঘোষণার পর যে দূরত্বের ইঙ্গিত মিলেছিল, তা কাটিয়ে এখন একসঙ্গে লড়াইয়ের বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।
সবমিলিয়ে, নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর পাশাপাশি দলের অভ্যন্তরীণ ঐক্যের বার্তাও স্পষ্ট করে দিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।