অন্ডালে রোগীর মৃত্যুকে ঘিরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা চরমে

Apr 13, 2026 - 11:49
 8
অন্ডালে রোগীর মৃত্যুকে ঘিরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা চরমে

রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই ওই রোগীর মৃত্যু হয়েছে। এরপরই ক্ষুব্ধ আত্মীয়-পরিজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের সামনেই এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

জানা যায়, অন্ডালের অরবিন্দ নগর এলাকার বাসিন্দা ইয়াসমিন বানু (৪২) গত ১০ তারিখ পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার তাঁর অস্ত্রোপচার হয়। পরিবারের দাবি, অপারেশনের পর যথাযথ চিকিৎসা না হওয়ায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতার পরিবারের সদস্য ও আত্মীয়রা উত্তেজিত হয়ে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায়। হাসপাতালের ভেতরের একাধিক সামগ্রী এবং বাইরে থাকা বেশ কয়েকটি দামি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিবারের দাবি, মৃতার সন্তানের ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বর্তমানে হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।