২৩ এপ্রিল মালদায় প্রথম দফার ভোট, কড়া নিরাপত্তায় ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Apr 23, 2026 - 16:33
 10
২৩ এপ্রিল মালদায় প্রথম দফার ভোট, কড়া নিরাপত্তায় ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

মালদা: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল। ওইদিন মালদা জেলাজুড়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে মালদায় মোট ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে কেন্দ্রীয় মহিলা জওয়ানদের একটি কোম্পানিও থাকছে। পাশাপাশি সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি ও এসএসবি-র জওয়ানরা দায়িত্বে থাকবেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ জন এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এবারের এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার নাম বাদ পড়েছে।

জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজেনবীর সিং কাপুর জানিয়েছেন, "ভয়, প্রলোভন, ছাপ্পা বা কোনওরকম অশান্তি ছাড়াই ভোেট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও ভোটারদের বুথে আসতে বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।"

নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার জানান, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ৩৬ জন আইসি এবং সাব-ইন্সপেক্টর ও অ্যাডিশনাল সাব-ইন্সপেক্টর মিলিয়ে প্রায় এক হাজার আধিকারিক দায়িত্বে থাকবেন। এছাড়াও কেরল ও উত্তরপ্রদেশ থেকে সশস্ত্র পুলিশ বাহিনী আনা হয়েছে।

জেলায় মোট ৩২৭টি কুইক রেসপন্স টিমের গাড়ি মোতায়েন থাকবে। ইতিমধ্যেই ৩৭টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। অতি সংবেদনশীল বুথগুলো চিহ্নিত করা হয়েছে এবং সম্ভাব্য দুষ্কৃতীদের উপর নজরদারি চালানো হচ্ছে।

প্রশাসনের দাবি, প্রতিটি পোলিং বুথ ও সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি থাকবে, যাতে কোনওরকম অনিয়ম বা গোলমাল হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সবমিলিয়ে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মালদা জেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।