হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে জওয়ানের মৃত্যু
হিঙ্গলগঞ্জ:
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকায়। হিঙ্গলগঞ্জ থানার বড় বাকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গিয়েছে, পেট্রোল সংরক্ষণের ঘর থেকে জাহাজে তেল ভরার সময় আচমকাই আগুন লেগে যায়। সীমান্ত রক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, পাম্পঘরের ভিতরে আটকে পড়েন এক বিএসএফ জওয়ান-রাম সিং। আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সব শেষ-সহকর্মীরা হারান তাঁদের এক সাথীকে।
এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
সুভোজিৎ